চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১টি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল পুনরায় যাচাইয়ের আবেদন জমা দিয়েছেন।
আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।
ঢাকা বোর্ডে সাড়ে তিন লাখ আবেদন
ঢাকা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে। বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন এসেছে। বোর্ডের বিষয়ভিত্তিক তালিকায় এই তিন পত্রে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি।
ইংরেজি ও আইসিটিতে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষার আয়োজন থেকে শুরু করে মূল্যায়নের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।
তিনি শিক্ষক স্বল্পতাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়।
এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম বেশি কঠিন মনে হতে পারে বলে জানান তিনি।
বিভিন্ন বিষয়ে যত আবেদন
ঢাকা বোর্ডে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নের প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানের দুই পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনের প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানের দুই পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি আবেদন এসেছে।
পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।
এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণেও উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। যাচাই শেষে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ অর্জন করেন ৩ হাজার ৭৯ জন।
বোর্ড চেয়ারম্যান আরও জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:







