রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে রাবিপ্রবির পাশে জাইকা

কামরুল ইসলাম,রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ২০:০৬

শেয়ার

সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে রাবিপ্রবির পাশে জাইকা
ছবি: বাংলা এডিশন

সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে দক্ষ জনবল তৈরির পাশাপাশি আইসিটি খাতের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ লক্ষ্যে রাবিপ্রবি ও জাইকার প্রতিনিধিদলের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার চট্টগ্রামের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন।

জাইকার পক্ষে উপস্থিত ছিলেন এক্সপার্ট (প্রধান উপদেষ্টা) শোজি আকিহিরো, জাইকা এক্সপার্ট (প্রকল্প সমন্বয়কারী) কাতসুকি নাহো এবং অ্যাডমিন অফিসার ফারজানা শারলিন। বৈঠকে জাইকার ‘আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস (JICA-BCC-BASIS-TCP)’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জাইকার সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর মাধ্যমে চট্টগ্রামে ‘Sustainable Training Model for B-TopSE and B-TopCS’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।প্রকল্পের আওতায় B-TopSE (Be a Top Software Engineer) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মধ্যম ও উচ্চপর্যায়ের আইসিটি প্রকৌশলীদের ব্যবহারিক জ্ঞান এবং পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্সের উন্নত প্রশিক্ষণ কাঠামোর আওতায় এ কর্মসূচিতে ছয়টি কোর্স পরিচালিত হবে। কোর্সগুলো হলো,অবজেক্ট-ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন অ্যান্ড ইভ্যালুয়েশন, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও ক্লাউড অ্যাপ্লিকেশন, অ্যাজাইল পদ্ধতির পরিচিতি, অ্যাজাইল প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং অ্যাজাইল টেকনিক্যাল প্র্যাকটিস।অন্যদিকে B-TopCS (Be a Top Cybersecurity Specialist) কর্মসূচির মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় প্রশিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এ কর্মসূচিতে সাইবার নিরাপত্তা বিষয়ে শীর্ষ ব্যবস্থাপনা ও সাধারণ কর্মীদের সচেতনতা বৃদ্ধি, সাপ্লাই চেইন ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ফরেনসিক বিষয়ে চারটি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।

বৈঠকে রাবিপ্রবিতে সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে জাইকার সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা রাবিপ্রবির শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশের আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।