রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

ঢাবি,প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৩

শেয়ার

হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ছবি: বাংলা এডিশন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বরে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও আইইউবি যৌথভাবে এর আয়োজন করে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম ও মোহাম্মদ ইবনে আলম। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি দল প্রতিযোগিতার মৌখিক পর্বে অংশ নেয়। এতে আইনি যুক্তি উপস্থাপন, বিচারিক বিশ্লেষণ ও দলীয় সমন্বয়ের মাধ্যমে সেরা দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও ডিইউএমসিএসের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং সংগঠনটির প্রধান মডারেটর সহযোগী অধ্যাপক ড. ফারজানা আক্তার। দলটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান।

এ সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দলটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে হংকংয়ে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক পর্বে তাদের সাফল্য কামনা করেছেন।