ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৃথক সময়ে এসব বিস্ফোরণ ঘটে। এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন।
টিএসসিসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বরে এবং নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া জগন্নাথ হলের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:







