চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী সাব্বির জোমাদ্দার।
শনিবার সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাহীন জামান ও সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম তুহিনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ কার্যবর্ষের জন্য হাসিবুল হাসান বাবুকে সভাপতি এবং সাব্বির জোমাদ্দারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন সভাপতি হাসিবুল হাসান বাবু বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি।
আরও পড়ুন:







