শুক্রবার

৬ নভেম্বর, ২০২৬ ২২ কার্তিক, ১৪৩৩

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬ ১৩:৩৯

শেয়ার

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের
ছবি সংগৃহীত

অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

দুই দফা দাবি পূরণে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

অধ্যক্ষকে অবরুদ্ধের পর রাতে উদ্ধার

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩ ঘণ্টা পর নারী পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করে।

এ সময় পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও মারধরের অভিযোগ ওঠে। এক শিক্ষার্থীকে চুল ধরে টেনে সিঁড়ি দিয়ে নামানোর অভিযোগও করেন আন্দোলনকারীরা।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার ওসির

পুলিশের অভিযানের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আবারও কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ এবং চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন।

এ বিষয়ে তিনি স্টার নিউজকে বলেন, অভিযোগ তারা করতেই পারেন। তবে এর কোনো সত্যতা নেই। সেখানে লাঠিচার্জের ঘটনা ঘটেনি। নারী শিক্ষার্থীদের ওপর কেন লাঠিচার্জ করা হবে, এমন প্রশ্নও তোলেন তিনি।

ওসি বলেন, অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাধা দেন। তখন ধাক্কাধাক্কি হয়েছে। তবে লাঠিচার্জ কিংবা চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।



আরও পড়ুন: