চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের ভোগান্তির অবসানে অবশেষে ডিগ্রি (পাস) পরীক্ষার কেন্দ্র ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য বাঁশখালী সরকারি আলাওল কলেজকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এতে উপজেলার চারটি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা স্থানীয়ভাবে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কেন্দ্র তালিকায় আলাওল সরকারি কলেজ, চট্টগ্রাম (কলেজ কোড-৪৩২৮)-কে ৫৩১ নম্বর পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত স্মারক নম্বর ০৫ (৫৩৪) জাতীঃবিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০২২/৬১১০-এর মাধ্যমে এ কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্ধারিত কেন্দ্রের আওতায় পরীক্ষায় অংশ নেবে বাঁশখালী কলেজ (৪৩২৯), পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ (৪৩৬৬), মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ (৭০১০) ও বাঁশখালী গার্লস কলেজ (৭০১৬)-এর শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং অনুমোদিত ডিগ্রি কলেজগুলোর অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এতে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ডিগ্রি পাস) মো. আশরাফ আলীর স্বাক্ষরও রয়েছে।
এর আগে বাঁশখালীতে পাঁচটি ডিগ্রি কলেজ থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার কোনো কেন্দ্র না থাকায় শিক্ষার্থীদের প্রায় ৩০–৩৫ কিলোমিটার দূরে আনোয়ারা সরকারি কলেজে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হতো। এতে যাতায়াত ব্যয়, সময়ক্ষেপণ ও দীর্ঘ পথের ভোগান্তিতে পড়তে হতো কয়েক'শ শিক্ষার্থীকে। বিশেষ করে নারী শিক্ষার্থী, চাকরিজীবী ও পারিবারিক দায়িত্ব সামলানো শিক্ষার্থীদের জন্য এ পরিস্থিতি ছিল আরও কষ্টসাধ্য।
এ নিয়ে গত ২ সেপ্টেম্বর ‘পাঁচটি ডিগ্রি কলেজ, কেন্দ্র একটিও নেই; ৩৫ কিমি দূরে আনোয়ারামুখী বাঁশখালী’ শিরোনামে 'বাংলা এডিশনে' একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে শিক্ষার্থীদের দুর্ভোগ, কলেজ সংশ্লিষ্টদের দাবি এবং বাঁশখালীতে পরীক্ষাকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত কেন্দ্র তালিকায় আলাওল সরকারি কলেজকে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করায় বাঁশখালীর চারটি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার পথ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে প্রকাশিত তালিকায় আলাওল সরকারি কলেজের নিজস্ব শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হিসেবে আনোয়ারা সরকারি কলেজ, আনোয়ারা, চট্টগ্রাম (কলেজ কোড-৪৩৩০) নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আলাওল সরকারি কলেজ নিজেই বাঁশখালীর অন্য চারটি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের এ ভোগান্তি নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত বাঁশখালীর উচ্চশিক্ষার পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতেও ডিগ্রি পরীক্ষার কেন্দ্র হিসেবে আলাওল সরকারি কলেজের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:







