রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

গবেষণা ও দক্ষতা উন্নয়নে যবিপ্রবির এএসডিএসে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ২০:১৮

শেয়ার

গবেষণা ও দক্ষতা উন্নয়নে যবিপ্রবির এএসডিএসে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। নতুন এই ল্যাবে উপাত্ত বিশ্লেষণ, ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চর্চার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং এএসডিএস বিভাগের চেয়ারম্যান ড. মো. কুরবার আলী।

নতুন ল্যাবে শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট সংযোগ, সর্বাধুনিক কনফিগারেশনের কম্পিউটার এবং উপাত্ত বিশ্লেষণ, ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চর্চার প্রয়োজনীয় সফটওয়্যার রাখা হয়েছে। এসব সুবিধা বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করবে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগে উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সায়েন্সের চাহিদা বিশ্বব্যাপী। এই আধুনিক ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই অর্জন করবে না, বরং বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে নতুন বাংলাদেশ গঠনে এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন ল্যাবের সুবিধা কাজে লাগিয়ে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা এবং বিভিন্ন প্রজেক্টের কাজ আরও সহজে সম্পন্ন করতে পারবেন।



আরও পড়ুন: