রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির কাফি

আল আমিন,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ১১:৪৪

শেয়ার

আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির কাফি
ছবি: বাংলা এডিশন

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের প্রতিনিধিত্ব করতে সেনেগালের রাজধানী ডাকার যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও জাতীয় অ্যাথলেটিক্স কোচ মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আগামী ৩ নভেম্বর তাঁর সেনেগালের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

আন্তর্জাতিক এই ক্রীড়া আসরে বাংলাদেশের দলের দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় যবিপ্রবি পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাফি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও উৎসাহের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি বলেন, যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা আমাকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মান তুলে ধরতে অনুপ্রাণিত করছে।

মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে একজন অভিজ্ঞ কোচ। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও যবিপ্রবির সুনাম আরও উজ্জ্বল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।