শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

আল-আজহারে পড়ার সময়ই ইরাক সরকারের পূর্ণ স্কলারশিপ পেলেন বাংলাদেশের মনোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৭:৩২

শেয়ার

আল-আজহারে পড়ার সময়ই ইরাক সরকারের পূর্ণ স্কলারশিপ পেলেন বাংলাদেশের মনোয়ার
ছবি সংগৃহীত

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর শিক্ষার্থী মনোয়ার হোসেন ইরাক সরকারের শতভাগ স্কলারশিপ পেয়েছেন। এই স্কলারশিপের আওতায় তিনি ইরাকের বাগদাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন। এর আগে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও স্কলারশিপ অর্জন করেন তিনি।

মনোয়ার হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণনারায়ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মাদ্রাসায় পড়াশোনা থেকে আল-আজহার

মনোয়ারের শিক্ষাজীবন শুরু নিজ এলাকার জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়। সেখান থেকে ২০২২ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম সম্পন্ন করেন।

আলিম অধ্যয়নের পাশাপাশি ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরে অবস্থিত কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ থেকে আরবি মাধ্যমে সানাবিয়্যাহ পর্যায়ে পড়াশোনা করেন। প্রতিষ্ঠানটি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও কারিকুলামের আলোকে পরিচালিত হয়।

বর্তমানে মনোয়ার মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ দ্বীন অনুষদের প্রথম বর্ষে অধ্যয়নরত। ইসলামী জ্ঞানচর্চার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন

আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে এর আগেও একাধিক সাফল্য পেয়েছেন মনোয়ার। পাকিস্তানের আল্লামা ইকবাল বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করেন তিনি। এ ছাড়া ২০২৫ সালে ইরাকের দিয়ালা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সায়েন্সেস কলেজে ইসলামিক ল বিষয়ে পড়াশোনার জন্যও স্কলারশিপ পান।

এবার বাগদাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে চার বছর মেয়াদি পূর্ণ অর্থায়িত স্নাতক প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, আবাসন, খাবার ও মাসিক ভাতাসহ পড়াশোনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

উচ্চশিক্ষা ও গবেষণায় অবদান রাখার লক্ষ্য

একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জনের বিষয়ে মনোয়ার হোসেন জানান, ছোটবেলা থেকেই উচ্চশিক্ষা গ্রহণ এবং আন্তর্জাতিক পরিসরে জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। সেই লক্ষ্য সামনে রেখে ধারাবাহিকভাবে পড়াশোনা ও বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপের জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন তাঁর আত্মবিশ্বাস ও উচ্চশিক্ষার আগ্রহ বাড়িয়েছে। আল-আজহারে অধ্যয়নরত অবস্থায় বাগদাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তাঁর শিক্ষাজীবনে নতুন অধ্যায় যুক্ত করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় অবদান রাখা তাঁর অন্যতম লক্ষ্য। বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা, জ্ঞানচর্চা ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরে শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।

মনোয়ারের মতে, সুনির্দিষ্ট লক্ষ্য, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করা সম্ভব।