শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৪:০৫

শেয়ার

সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
ছবি সংগৃহীত

চলতি বছর থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোয় পুনরায় পরীক্ষা দিতে পারবেন। এ সুযোগ নিতে পারবেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের কথা জানানো হয়।

এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ব্রিফিংয়ে জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোয় পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শিক্ষামন্ত্রীও জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে সাধারণত পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোয় অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়। দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ চালু হলে এ অপেক্ষার সময় কমবে।

ফলাফলে পাসের হার ৫২.১২ শতাংশ

ঘোষিত ফল অনুযায়ী, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৫০ জন।

যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

কারিগরি বোর্ডে পাসের হার কমেছে

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিএম-ভোকেশনাল পরীক্ষায় এবার পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এ বছর এ পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬১০ জন।

এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭৬ জন।