গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আন্তর্জাতিক এক্সটার্নশিপ কার্যক্রমে যুক্ত হলো নতুন এক গন্তব্য। এবার প্রথমবারের মতো পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস এ এক্সটার্নশিপে অংশ নিতে যাচ্ছেন অনুষদের ১২তম ব্যাচেয ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন শিক্ষার্থীরা। পরে রাত ১টা ১৫ মিনিটে পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
পাকিস্থানে মোট ৯ জন শিক্ষার্থী ২৮ দিনব্যাপী এ এক্সটার্নশিপে অংশ নেবেন। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এক্সটার্নশিপে অংশ নিতে যাওয়া ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, “পাকিস্তানের ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস এ ইন্টার্নশিপের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই ইন্টার্নশিপের মাধ্যমে আমরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভেটেরিনারি শিক্ষা, গবেষণা, প্রাণিচিকিৎসা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারব। ভিন্ন দেশের শিক্ষা ও গবেষণার পরিবেশ কাছ থেকে দেখার পাশাপাশি নিজেদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ পাব। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের ভেটেরিনারি শিক্ষার উন্নয়নেও কাজে লাগাতে পারব বলে আশা করি।”
এ বিষয়ে অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, “পাকিস্তানে শাহীওয়ালসহ বিভিন্ন হাইব্রিড জাতের গরু, ছাগল ও অন্যান্য প্রাণীর উন্নত জাত রয়েছে, যেগুলোর অনেকগুলোই বাংলাদেশে তেমন পরিচিত বা প্রচলিত নয়। সেখানে এসব প্রাণীর বিভিন্ন জাত সম্পর্কে হাতে কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এক্সটার্নশিপের সুযোগ তৈরির লক্ষ্যে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।”
এর আগে একই ব্যাচের মোট ২৪ জন শিক্ষার্থী আন্তর্জাতিক এক্সটার্নশিপ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৮ জন মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে এবং ১৬ জন নেপালের বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নশিপ সম্পন্ন করেন। এবার আরও ৯ জন শিক্ষার্থীর পাকিস্তান যাত্রার মধ্য দিয়ে একই ব্যাচের শিক্ষার্থীদের আন্তর্জাতিক এক্সটার্নশিপ কার্যক্রমে নতুন অভিজ্ঞতা যুক্ত হলো।
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষার যাত্রা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনে মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। পরবর্তী সময়ে আসনসংখ্যা ৫০ এ উন্নীত করা হয়। ইতোমধ্যে এ বিষয়ে ১১টি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।
আরও পড়ুন:







