টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় এ সেমিনারে গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনের জন্য শিক্ষার্থী ও গবেষকদের কাছ থেকে সারসংক্ষেপ আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহীদের আগামী ১২ নভেম্বরের মধ্যে গবেষণার সারসংক্ষেপ জমা দিতে হবে।
‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষার্থী এবং গবেষকেরা অংশ নিতে পারবেন। আয়োজকদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেমিনার ও পোস্টার উপস্থাপনায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না।
পোস্টার উপস্থাপনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দুটি প্রধান ধারায়। এর মধ্যে টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদবিষয়ক ধারায় থাকছে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, দায়িত্বশীল জলজ চাষ, সামুদ্রিক জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রের স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা এবং মৎস্যপ্রযুক্তি ও জলজ জীবপ্রযুক্তিসংক্রান্ত গবেষণা।
অন্যদিকে, ব্লু ইকোনমি ধারায় গবেষণার বিষয় হিসেবে রাখা হয়েছে সমুদ্র শাসন, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সমুদ্র অর্থনীতি ও মৎস্যসম্পদবিষয়ক আইনগত বিষয়, পরিবেশবান্ধব নৌপরিবহন, বন্দর ও সামুদ্রিক সরবরাহব্যবস্থা, সমুদ্রে নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক জীবপ্রযুক্তি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক দূষণ।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে হতে হবে। ১২ নভেম্বর সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ দিন। জমা পড়া সারসংক্ষেপ গ্রহণের বিষয়ে ১৭ নভেম্বর জানানো হবে। নির্বাচিত গবেষণার পোস্টারের সফট কপি জমা দিতে হবে ২৫ নভেম্বরের মধ্যে। পোস্টারের সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ৪৮ ইঞ্চি উচ্চতা ও ৩৬ ইঞ্চি প্রস্থ।
সেমিনারে পোস্টার উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। আগামী ৩০ নভেম্বর সেমিনার ও পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।
আগ্রহীদের গবেষণার সারসংক্ষেপ ও পোস্টারের সফট কপি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ও জলবিজ্ঞান বিভাগের ড. এস এম মোস্তাফিজুর রহমান এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এস এম রাশিদুল হাসানের সঙ্গে।
আরও পড়ুন:







