রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

জাইমার জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার

আবুল কালাম আজাদ, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৬

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:৪১

শেয়ার

জাইমার জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার
ছবি: বাংলা এডিশন

বাল্যবিবাহ ও ইভটিজিং থেকে ছাত্রীদের সুরক্ষা দিতে প্রয়োজনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আলাদাভাবে সভা করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার বেলা ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্রীরা যাতে নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারে, বাল্যবিবাহের শিকার না হয় এবং ইভটিজিংয়ের মুখে না পড়ে, সে বিষয়ে শিক্ষকদের সঙ্গে আমরা ইতিমধ্যে সভা করেছি। প্রয়োজনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আলাদাভাবে সভা করব।’

মীর শাহে আলম বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁরা ভবিষ্যতে মা হবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং শিক্ষাজীবনে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০৯ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা নেয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৫৪৮ জন ছাত্রী অংশ নেয়। পরীক্ষায় অংশ নেয়া এসব ছাত্রীর মধ্যে নির্বাচিতদের বাইসাইকেল উপহার দেয়া হচ্ছে। এর পাশাপাশি বিশুদ্ধ পানি পানের জন্য শিক্ষার্থীদের মগ দেয়া হচ্ছে।

অনুষ্ঠানস্থলের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৯২৬ জন ছাত্রী এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪২৬ জন ছাত্রছাত্রীকেও মগ উপহার দেয়ার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিভিন্নভাবে উৎসাহিত করা গেলে তারা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে। উপহার ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে।

নারীশিক্ষার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, সরকার নারীশিক্ষাকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীদের যথাযথ মূল্যায়নও জরুরি।

তিনি আরও বলেন, বিগত সময়েও ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে চিকিৎসা শিবিরের আয়োজন ও মানুষের সেবা করা হয়েছে। এবারও জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী কর্মসূচি নেয়া হয়েছে।

শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ৫৪৮ মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে সকল ছাত্রীদেরকে মিষ্টি মুখ করানো হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী, দুই সন্তান, পুত্রবধূ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, ওসি শাহীনুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।