বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশে আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, কারিগরি সমস্যা সমাধান করে স্কুল-কলেজের শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের বদলির ফল যথাসময়ে প্রকাশ করা হবে। এ নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। কিছু কারিগরি সমস্যা রয়েছে। সেগুলোর সমাধান হলে ফল প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলির ফল প্রকাশের ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি কারিগরি শিক্ষকদের বদলির কার্যক্রমও চলমান রয়েছে। তবে মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হতে আরও কিছুটা সময় লাগবে।
এদিকে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য সফটওয়্যার তৈরির লক্ষ্যে একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো মূল্যায়ন শেষ হয়নি। প্রথম টেন্ডারের সব প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয়বার টেন্ডার আহ্বান করা হবে। এরপর সফটওয়্যার তৈরি হলে মাদ্রাসার শিক্ষকদের বদলির আওতায় আনা হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন এ তথ্য জানিয়েছেন। দুইবার টেন্ডার করার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি সার্ভিস টেন্ডার হওয়ায় দুইবার করতে হচ্ছে। তবে সব কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।
আরও পড়ুন:

.jpg)





