রাঙামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদস্য মিস চন্দ্রা চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।মতবিনিময় সভায় রাঙামাটির মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শ্রেণিকক্ষে পাঠদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সভা শেষে জেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষাসংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করে রাঙামাটির মাধ্যমিক শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন:







