চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছেড়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে অসুস্থ বোধ করায় নিজেকে উদ্ধার করতে প্রশাসনের সহায়তা চান উপাচার্য। পরে বিকেলে তাঁকে উদ্ধারে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ক্যাম্পাসে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে উপাচার্য ও তাঁর সঙ্গে ভেতরে অবস্থানরত অন্যরা ক্যাম্পাস ছাড়েন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘একজন সম্মানিত শিক্ষক আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন, চিকিৎসার জন্য বলেছেন। তাঁকে আমরা নিয়ে যেতে এসেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে।’
উপাচার্যকে নিয়ে যাওয়ার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ‘এখানে চট্টগ্রামের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনের মানুষজন উপস্থিত আছেন। আমরা জানতে চাই, আপনারা কখন আমাদের নিরাপত্তার জন্য থাকবেন? আপনারা কি শুধু সেই ভিসিকে বের করে নিয়ে যেতে এসেছেন, যিনি বহিষ্কৃত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আমরা শিক্ষার্থীরা কি আপনাদের সন্তানতুল্য নই?’
এর আগে সোমবার (১২ অক্টোবর) সকালে ক্যাম্পাসে প্রবেশের পর উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এ অবস্থান করছিলেন।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও কর্মসূচি পালন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন:







