জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আয়োজিত ‘সুরে বিদ্রোহে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় নজরুলসংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি এই দুই বিভাগে বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
সোমবার বিকালে চাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও চাকসু সাময়িকী তুলে দেয়া হয়।
চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি। বিশেষ অতিথি ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।
অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “নজরুল গান-কবিতার মাধ্যমে আমাদের মাঝে জীবিত হয়ে আছেন। তাঁর চিন্তা, মনন ও কর্ম কীভাবে আরও ছড়িয়ে দেয়া যায়, সে বিষয়ে আমাদের দায়িত্ব নিতে হবে।”
চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর বলেন, “প্রতিযোগিতাটি নজরুলের চেতনাকে ধারণ করার, তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এবং আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার একটি ছোট্ট প্রয়াস।”
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্পসত্তা ও দর্শন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গত ২৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নজরুলসংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি—দুই বিভাগে প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিটি বিভাগে পাঁচজন করে মোট ১০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন:







