শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষার্থী মোমিনুর রহমান

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ১৬:০১

শেয়ার

বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষার্থী মোমিনুর রহমান
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. মোমিনুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৫ সালের পর ২০২৬ সালেও এ তালিকায় স্থান পেয়েছেন তিনি।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের গবেষকদের বৈজ্ঞানিক প্রভাব মূল্যায়নভিত্তিক এ তালিকায় তাঁর অন্তর্ভুক্তি গবেষণাক্ষেত্রে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মোমিনুর রহমানের গবেষণার প্রধান ক্ষেত্র অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, টেকসই উন্নয়ন, পরিবেশ অর্থনীতি ও সুশাসন। আন্তর্জাতিক বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় কার্যক্রম ও গবেষণা প্রবন্ধ পর্যালোচনার সঙ্গে যুক্ত রয়েছেন।

এ অর্জনের অনুভূতি প্রকাশ করে মোমিনুর রহমান বলেন, “পাওয়া আমার জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের বিষয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী হিসেবে এ অর্জন আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) গবেষণাবান্ধব পরিবেশ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জ্ঞানচর্চার সুযোগ আমার গবেষণার পথচলায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলোন, “আমার শিক্ষক, সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এ স্বীকৃতি আরও দায়িত্বশীলভাবে গবেষণা ও জ্ঞানচর্চায় অবদান রাখার প্রেরণা হয়ে থাকুক।”

শিক্ষকতা ও গবেষণা পরামর্শদানের পাশাপাশি মোমিনুর রহমান জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার ও নিউ এজ-এ সমসাময়িক অর্থনীতি, উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়ে মতামতধর্মী নিবন্ধ লিখেছেন।



আরও পড়ুন: