ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি আগামী সিন্ডিকেট সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং বিষয়টি আগামী সিন্ডিকেট সভার জন্য এজেন্ডাভুক্ত হয়েছে। সিন্ডিকেট সভায় যথাযথ প্রক্রিয়ায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, তদন্ত কমিটি গঠনের সময় তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পাঁচ মাস পার হওয়ার পরও তারা কোনো প্রতিবেদন পাননি। মঙ্গলবার উপাচার্য জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে এবং আগামী সিন্ডিকেট সভায় প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের ধীরগতির সমালোচনা করে তিনি বলেন, হামলার ভিডিও ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষিত থাকা এবং হামলাকারীদের পরিচয় স্পষ্ট হওয়ার পরও তদন্ত শেষ করতে পাঁচ মাস লাগার কোনো সদুত্তর প্রশাসন দিতে পারেনি। এই দীর্ঘসূত্রতার কারণে অন্যান্য ক্যাম্পাসেও সাংবাদিকদের ওপর হামলার পুনরাবৃত্তি ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে মানজুর হোছাঈন মাহি বলেন, হামলাকারীদের পরিচয় স্পষ্ট হওয়া সত্ত্বেও রাবি প্রশাসন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। অপরাধীদের রক্ষা না করে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের নাম অন্তর্ভুক্ত করে পুনরায় মামলা করার দাবি জানান তিনি।
ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার বিচার দ্রুত হলে পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা করার সাহস কেউ পেত না। এই বিচারহীনতার সংস্কৃতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায় এড়াতে পারে না।
তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। আগামী সিন্ডিকেট সভায় কী সিদ্ধান্ত হয়, তারা সেদিকে নজর রাখবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ডুজার সহসভাপতি মাহাথির মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ উদ্দিন, দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য হামলার শিকার হন। পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল।
আরও পড়ুন:







