মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

২০২৭ শিক্ষাক্রমে চার নতুন বই, জানালেন শিক্ষামন্ত্রী

রোবেল আহমেদ তানভীর,কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৪:৫৬

শেয়ার

২০২৭  শিক্ষাক্রমে চার নতুন বই, জানালেন শিক্ষামন্ত্রী
ছবি: বাংলা এডিশন

২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ে চারটি নতুন বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ সালে শিক্ষাক্রমের যেসব জায়গায় পরিবর্তন প্রয়োজন হবে, সেসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

ভর্তি নিয়ে চলমান বিড়ম্বনার বিষয়ে তিনি বলেন, আসন সংখ্যার তুলনায় ভর্তির যোগ্য প্রার্থীর সংখ্যা অনেক কম। ভর্তি নির্দেশিকা অনুযায়ী প্রথম দফায় আবেদন কারীদের ভর্তি সম্পন্ন হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। এ কারণে ভর্তির ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লার নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীকে নিয়ে পাঠ্যবইয়ে লেখা অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে কাজ চলছে।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্যের সংকট বৈশ্বিক। জনগণের ওপর যে চাপ পড়ছে, তা প্রশমনের পাশাপাশি সরকারি সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, কুমিল্লার স্বার্থে ইতিবাচকভাবে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী।

এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, মোবাশ্বর আলম ভূঁইয়া এমপিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং দেশের নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।