মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর

সাদিকুর রহমান সাদি, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৭:২৭

শেয়ার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষা হবে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল অ্যান্ড পলিসি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ প্রোগ্রামে।

তবে ভর্তি আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি, ভর্তির যোগ্যতা, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনসংক্রান্ত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মেরিটাইম উচ্চশিক্ষায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয়

২০১৩ সালের ২৭ অক্টোবর সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের প্রথম বিশেষায়িত মেরিটাইম বিশ্ববিদ্যালয়। সামুদ্রিক খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং মেরিটাইম শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া বিশ্ববিদ্যালয়টির অন্যতম লক্ষ্য।

‘We Strive for Maritime Excellence’ স্লোগানকে সামনে রেখে ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার, অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল, মেরিন ফিশারিজ, পোর্ট ও শিপিং ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।

আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে ক্লাস

আগামী এপ্রিল-২০২৭ সেমিস্টারের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাস থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যায়ক্রমে চট্টগ্রামে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের হামিদচরে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় প্রায় ১০৬ দশমিক ৬৬ একর জমিতে গড়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। নতুন ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দেশের সমুদ্রসীমা ও সামুদ্রিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমির বিকাশে দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। শিপিং, জাহাজ নির্মাণ, মৎস্য, অফশোর এনার্জি ও সামুদ্রিক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে ভর্তিচ্ছুদের বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।