মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২০ আশ্বিন, ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় অজ্ঞাতনামা মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ ১৭:২১

শেয়ার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় অজ্ঞাতনামা মামলা
ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। একই ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২-কে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হল প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হল প্রশাসনের পক্ষ থেকে মামলা

হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। হামলার সঙ্গে যারা জড়িত, প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অজ্ঞাতনামা মামলা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

তবে অজ্ঞাতনামা মামলা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। তাদের দাবি, হামলায় জড়িতদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে ফুটেজসহ বিভিন্ন তথ্য রয়েছে। তাই হামলাকারীদের শনাক্ত করে নাম উল্লেখের মাধ্যমে মামলা এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।