বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থীকে বাদ দেয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ১৯:৩৮

শেয়ার

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থীকে বাদ দেয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
ছবি: সংগৃহীত

৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ দেয়ার প্রতিবাদ এবং তাদের পুনরায় গেজেটভুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাদ পড়াদের আগামী ১২ অক্টোবরের যোগদানের আগেই পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছাত্র সংসদটি। এ দিকে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের গেজেট আগামী সোমবার (৫ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে নিজ দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে সরকার। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার হতে হবে না।’

সোমবারের মধ্যে বাকিদের গেজেট প্রকাশ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘গেজেট প্রকাশের আগে প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সোমবার বাদ পড়া ৪৬ জনের নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।’

এ দিকে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে গেজেট থেকে বাদ পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল ও রেদওয়া আহমেদ তাহমিদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় তারা বাদ পড়াদের গেজেটভুক্ত করে ১২ অক্টোবরের মধ্যে গেজেটের দাবি জানান।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল। গত বুধবার সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেয় সরকার। এতে ৬১১ জনকে নিয়োগ দেয়া হলে, বাদ পড়ে ৫৭ জন।