বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১ম হয়েও বাদ পড়ালেন ঢাবি শিক্ষার্থী সোহেল রানা

আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৮

শেয়ার

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১ম হয়েও বাদ পড়ালেন ঢাবি শিক্ষার্থী সোহেল রানা
ছবি: সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। এতে ৬১১ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে সাময়িকভাবে ৬৬৮ জন মনোনীত করা হলেও ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। এর মধ্যে বাদ পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী সোহেল রানা।

বুধবার নিজের ফেসবুক ওয়ালের এক স্ট্যাটাসে তা নিশ্চিত করেন সোহেল। ওই স্ট্যাটাসে সোহেল লিখেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ। ৪৯ তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গ্যাজেট থেকে বঞ্চিত করার জন্য।’

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল।

এদিকে বুধবারের পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৮০.০০.০০০০.২০২.৬৪.০৪২.২৫-১৬২ নম্বর সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৬১১ (ছয়শত এগারো) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুসারে টাকা ৪৪০০০-১০৫৯০০/- বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’