রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ায় জড়াতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
রমনা থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শওকত আলী জানান, প্রায় ২০০ জন ঢাকা কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
তবে কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শান্তি চুক্তির পরও সংঘর্ষ
এর আগে গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের বিরোধ মেটাতে নিউ মার্কেট থানার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়। এতে ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর বিষয়ে শিক্ষার্থীরা অঙ্গীকার করেন।
চুক্তির এক মাসের মধ্যেই ৯ ডিসেম্বর আবারও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রতিবেদন লেখা পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
আরও পড়ুন:







