বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

অবশেষে স্থায়ী ঠিকানার পথে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মে থেকেই চট্টগ্রামে ক্লাস

সাদিকুর রহমান সাদি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২

শেয়ার

অবশেষে স্থায়ী ঠিকানার পথে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মে থেকেই চট্টগ্রামে ক্লাস
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল ২০২৭ সেমিস্টারের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক শ্রেণির ক্লাস এবং ওই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

তবে এপ্রিল ২০২৭ সেমিস্টারে ইতোমধ্যে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসে চলবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটির ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়, ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু, সমন্বিত ও সময়োপযোগীভাবে স্থানান্তরের লক্ষ্যে ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। বর্তমানে কমিটি স্থানান্তর কার্যক্রমের ‘Pre-Transition Phase’-এর আওতায় সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে।

নোটিশ অনুযায়ী, স্থায়ী ক্যাম্পাসে এপ্রিল ২০২৭ সেমিস্টারের একাডেমিক কার্যক্রম শুরু করতে বিভিন্ন অনুষদ ও দপ্তরের শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে ব্যবহৃত সামগ্রী, জনবল এবং স্থায়ী সম্পদ স্থানান্তরের কাজ ১৫ থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে সম্পন্ন করতে হবে। তবে ল্যাবরেটরির মতো তুলনামূলক বেশি সময়সাপেক্ষ স্থায়ী সম্পদ স্থানান্তরের কাজ ১ থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর আগে অগ্রগামী দল হিসেবে প্রয়োজনীয় ন্যূনতম ও আবশ্যিক জনবল পাঠানোর পরিকল্পনা প্রণয়ন, ঢাকা ক্যাম্পাসে ব্যবহৃত শ্রেণিকক্ষের সামগ্রী, ল্যাবরেটরি ও অফিস সরঞ্জাম এবং সংশ্লিষ্ট জনবল স্থানান্তরের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এ ছাড়া স্থায়ী ক্যাম্পাসে কোন সরঞ্জাম ও আসবাবপত্র নেওয়া হবে এবং কোনগুলো অপ্রয়োজনীয় বা অচল, তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক শিক্ষক এবং বহিরাগত সুবিধা হিসেবে ব্যবহৃত ল্যাবরেটরিসহ অন্যান্য সুবিধার স্থায়ী ক্যাম্পাসে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও চাওয়া হয়েছে।

স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি অনুষদকে ফোকাল পয়েন্টের নাম ও মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট অনুষদ ও দপ্তরগুলোকে আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে তাদের বিস্তারিত পরিকল্পনা ও মতামত ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনকে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য নোটিশটি পাঠানো হয়েছে।

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে এপ্রিল ২০২৭ সেমিস্টার থেকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নতুন ভর্তি হওয়া মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসও চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে শুরু হবে।



আরও পড়ুন: