শিক্ষাব্যবস্থা সংস্কার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনবহির্ভূত টিউশন ফি, দুর্নীতি ও অনিয়ম বন্ধসহ আট দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল হোসেন শান্ত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
হাসিবুল হোসেন শান্তের দেওয়া তথ্য অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনবহির্ভূত টিউশন ফি, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে আট মাস আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আবেদন করা হয়েছিল। তবে এখনো এর সমাধান হয়নি। এ বিষয়ে আদালতে রিট পিটিশনও দায়ের করা হয়েছে এবং আদালত রুল জারি করেছেন।
তার ভাষ্য, আদালতের প্রক্রিয়ায় সময়ক্ষেপণের মধ্যে দুর্নীতি ও অনিয়ম চলমান থাকায় দাবি আদায়ে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে। পাঁচ দিনের অবস্থান কর্মসূচি শেষে ১৮ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আট দফা দাবিতে যা রয়েছে
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শুধু শিক্ষা কার্যক্রম পরিচালনার খরচের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করে আইনবহির্ভূত ফি নেওয়া বন্ধ করা।
এ ছাড়া রিটেক ফি মূল কোর্স ফির অর্ধেক করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কারের মাধ্যমে শিক্ষা বাণিজ্য বন্ধ এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির যথাযথ ব্যবস্থার মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি রয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, র্যাঙ্কিং ও কার্যক্রম বিবেচনায় সরকারি উন্নয়ন বরাদ্দ দেওয়ারও দাবি জানানো হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সঙ্গে জড়িতদের বাদ দিয়ে ট্রাস্টি বোর্ড গঠন, তদন্ত কমিটি করে গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থী হয়রানি ও নির্যাতন এবং তিন শিক্ষার্থীকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করার দায়ে উপাচার্যের পদত্যাগের দাবি করা হয়েছে।
এ ছাড়া ওয়াই-ফাই, ক্যান্টিন, ক্লাসে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এ গ্রেড দেওয়া এবং শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিও রয়েছে।
রিপোর্টার ও ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ
কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
হাসিবুল হোসেন শান্ত নিজেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জুলাই বিপ্লবের সমন্বয়ক এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন:







