বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

গণ বিশ্ববিদ্যালয়ে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচি

গবি,প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৩

শেয়ার

গণ বিশ্ববিদ্যালয়ে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচি
ছবি: বাংলা এডিশন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ প্রতিপাদ্যে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি প্লাস্টিকের বোতল জমা দিয়ে একটি করে চারা গাছ সংগ্রহের সুযোগ পান শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি প্লাস্টিক বর্জ্য কমানোর উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বর্তমানে অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে বনাঞ্চলের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষ গাছ লাগাতে আরও উৎসাহিত হবে বলে আশা করি।”

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সিদ্দিকা বলেন, “কোনো কিছু অপচয় না করে পুনর্ব্যবহারের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারি। ডা. জাফরুল্লাহ চৌধুরীও অপচয়বিরোধী মানসিকতার একজন মানুষ ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে আমরা তাঁর সেই চিন্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

আয়োজকদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারুফা ইসলাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। পাঁচটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে চারা গাছ দেওয়া হচ্ছে। এতে একদিকে প্লাস্টিক বর্জ্য কমবে, অন্যদিকে শিক্ষার্থীরা গাছ লাগাতে উৎসাহিত হবে। কর্মসূচিতে এত বেশি শিক্ষার্থী অংশ নেবেন, আমরা তা ভাবিনি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।”

কর্মসূচিতে অংশ নেওয়া ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, “বর্তমান পরিবেশগত পরিস্থিতিতে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ উদ্যোগটি গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। আমরা চাই, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও আয়োজন করা হোক।”

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস বলেন, “বর্তমান বিশ্বে বিশেষ করে আগামী প্রজন্মের জন্য পরিবেশগত সংকট একটি বড় চ্যালেঞ্জ। একদিকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে অক্সিজেনের উৎসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে আধুনিক জীবনযাপনের ফলে কার্বন নিঃসরণ বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “ইংরেজি বিভাগের অষ্টম সেমিস্টারের বিদায়ী শিক্ষার্থীরা নতুন কিছু করার চিন্তা থেকে এ কর্মসূচির উদ্যোগ নেয়। পাঁচটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে চারা গাছ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই অর্থের সংস্থান করে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।”

আয়োজকরা জানান, কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।