ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আমেরিকা গণতন্ত্রের ২৫০ বছর উদযাপিত হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ওই আয়োজন অনুষ্ঠিত হয়। সংবিধান দিবসের আয়োজনে ছিল উন্মুক্ত অনুষ্ঠান, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনী।
আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বক্তব্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তুলে ধরেন, কীভাবে অব্যাহত বিতর্ক, ঐকমত্যে পৌঁছানোর নিরন্তর প্রচেষ্টা এবং ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানে নতুন সংশোধনী যুক্ত করার অধিকারের ওপর গুরুত্ব দেয়ার ফলে আমেরিকার সংবিধান একটি দৃঢ় ও টেকসই ভিত্তি পেয়েছে, যা ২০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অনুপ্রাণিত করে আসছে।
উল্লেখ্য, ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স হলে দীর্ঘ চার মাসের নিবিড় পর্যালোচনা ও বিতর্কের শেষে ৩৯ জন প্রাজ্ঞ প্রতিনিধির স্বাক্ষরের মাধ্যমে আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কালজয়ী সংবিধান। ইতিহাসের এই যুগান্তকারী ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনে ‘সংবিধান দিবস ও নাগরিকত্ব দিবস’ হিসেবে উদযাপিত হয়।
আরও পড়ুন:







