মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

১০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য

সাদিকুর রহমান,বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৬

শেয়ার

১০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে, নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী উপাচার্যের বিদায় উপলক্ষে ১০ ও ১৩ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের দিন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে নবাগত উপাচার্যের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে নবাগত উপাচার্যকে অবহিত করা হবে।

এদিকে ১৩ সেপ্টেম্বর নবাগত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেঘনা ও পদ্মা ভবন পরিদর্শন করবেন। একই দিনে তাঁকে শুভেচ্ছা জানানো এবং বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহিকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি বাংলাদেশ নৌবাহিনীর দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (NATDOC) কমান্ড্যান্ট ছিলেন।

বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি পরবর্তী সময়ে প্রতিরক্ষা ও সামুদ্রিক বিষয়ে একাধিক উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ গ্রহণ করেন। নৌ অস্ত্র, নৌ ইলেকট্রনিকস ও মেরিন ইলেকট্রিক্যাল বিষয়ে তাঁর বিশেষজ্ঞতা রয়েছে।

নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হচ্ছে। তাঁর দীর্ঘ নৌবাহিনী ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।



আরও পড়ুন: