শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগাসাকি দিবস অনুষ্ঠিত

আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২২:৪৯

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগাসাকি দিবস অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

ঐতিহাসিক নাগাসাকি দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শান্তি র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং জাপান থেকে আগত অতিথিরা অংশ নেয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং জাপানের মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে র‍্যালিটি ভাষা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। এর আগে আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং জাপানের মেট্রো প্লাস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘রিফ্লেক্টিং অন পিস থ্রু দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অব নাগাসাকি’ শীর্ষক সেমিনার।

সেমিনারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ও তার ঠিক পরে নাগাসাকি কীভাবে চরম দুর্ভোগের শিকার হয়েছিল এবং ধীরে ধীরে কীভাবে এমন একটি উন্নত ও সুন্দর শহরে পরিণত হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরা হয়। এতে ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে ও প্রভাষক আনিকা বেগমের সঞ্চালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এছাড়া ঢাকাস্থ জাপান দূতাবাসের কালচালার সেকশনের প্রধান মি. ইয় আওইয়াগি, মেট্রো প্লাস কোম্পানির চেয়ারম্যান মি. তাকাশি কাওয়াসাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তা হিসেবে অংশ নেন মেট্রো প্লাস কোম্পানির প্রেসিডেন্ট মিজ আইয়াকো কাওয়াসাকি, ভাষা ইনস্টিটিউট অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম। পরে অনুষ্ঠানে ১ম জাপানি ভাষা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমি। ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে মেট্রো আইটি এন্ড জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের মো. শাহী আহমেদ এবং মারিয়া তাসনিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ মি. তোমোয়ুকি ফুকুই, মেট্রো আইটি-র মি. ইয়োশিও ইসোযাকি, মিজ তাকিকো হোনদা এবং বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথ, প্রভাষক শাহরিন মোস্তফা সৃষ্টিসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার ভয়াবহ ধ্বংসযজ্ঞের স্মরণে যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকি দিবস পালন করা হয়।