রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের আওতাধীন আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত সাত বছরের মধ্যে এ বছরই রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার সর্বনিম্ন। ২০২০ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে ২৬ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট।
গত ১০ আগস্ট সকাল ১০টায় সারাদেশের সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার শেষ সময় ছিল ১৭ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়ে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, আবেদনের মধ্যে সবচেয়ে বেশি ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত। এছাড়া অন্যান্য বিষয়েও আবেদন পড়েছে। যেহেতু আবেদনগুলো বর্তমানে বিষয় কোড আকারে রয়েছে, তাই এই মুহূর্তে বিষয়ভিত্তিক বিস্তারিত সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন:








