বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

এসএসসির ৯৮ হাজার ৭১০ খাতা চ্যালেঞ্জ রাজশাহী বোর্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৩:৩০

শেয়ার

এসএসসির ৯৮ হাজার ৭১০ খাতা চ্যালেঞ্জ রাজশাহী বোর্ডে
ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত। বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন।

তিনি জানান, কোন বিষয়ে কতটি আবেদন পড়েছে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ আবেদনগুলো বিষয় কোড আকারে রয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, চলতি বছর এ বোর্ডের আওতাধীন আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাত বছরের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফল সর্বনিম্ন। ২০২০ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। চলতি বছর তা নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

গত ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১১ আগস্ট থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়, যার শেষ সময় ছিল ১৭ আগস্ট। এই সময়ের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ৭১০টি লিখিত খাতা এবং ব্যবহারিক বিষয়ে ২৩ হাজার ৫১৮টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। সব মিলিয়ে ১ লাখ ২২ হাজার ২২৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্পের আওতায় তৈরি ওয়েবসাইটের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। প্রতিটি পত্রের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন

বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এ বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি, রাজশাহীতে ৩৯ হাজার ৭৬২ জন ৯৮ হাজার ৭১০টি, যশোরে ২৮ হাজার ৮৬২ জন ৭৪ হাজার ৭১৭টি এবং চট্টগ্রামে ৩৯ হাজার ৭৯৮ জন ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

এ ছাড়া বরিশাল শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি, সিলেটে ২০ হাজার ৭৮২ জন ৫০ হাজার ৭১০টি এবং দিনাজপুরে ৩৭ হাজার ২৯৬ জন ৮৯ হাজার ২৮৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।



banner close
banner close