মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে রাবি উপাচার্যকে মঞ্চ ২৪-এর স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৩:৩৪

শেয়ার

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে রাবি উপাচার্যকে মঞ্চ ২৪-এর স্মারকলিপি
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, শ্রেণিকক্ষ, সুপেয় পানি ও খাবারের মানসংক্রান্ত সমস্যা নিরসনে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার মঞ্চ ২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জিহাদ ও দপ্তর সম্পাদক মারজিয়া মিথির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন মৌলিক সমস্যা তুলে ধরে এসব সমস্যা সমাধানে শুধু মৌখিক আশ্বাস নয়, বরং নির্দিষ্ট সময়সীমা, বাস্তবায়ন প্রক্রিয়া ও জবাবদিহিসহ সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা পাঁচটি প্রধান দাবির মধ্যে রয়েছে—আবাসন সংকট নিরসনে সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন, ক্যাম্পাসে ইজিবাইক সার্ভিস পুনরায় চালু এবং পর্যাপ্ত সাটল বাস নিশ্চিত করা, শ্রেণিকক্ষ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ও নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হোটেল ও খাবারের দোকানগুলোতে খাবারের মান, মূল্য, পরিমাণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

স্মারকলিপিতে বলা হয়, আবাসিক হলের আসনসংখ্যা শিক্ষার্থীর তুলনায় অপর্যাপ্ত হওয়ায় অনেক শিক্ষার্থীকে অতিরিক্ত ব্যয়ে মেস বা বাসাবাড়িতে থাকতে হচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন বিভাগে শ্রেণিকক্ষের সংকটের কারণে পাঠদান ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাবারের দোকানগুলোতে খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জিহাদ বলেন, “শিক্ষার্থীদের এসব সমস্যা দীর্ঘদিনের। আমরা শুধু আশ্বাস চাই না; প্রতিটি সমস্যার সমাধানে সুনির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মঞ্চ ২৪-এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।



আরও পড়ুন:

banner close
banner close