রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাচ ডে ২০২৬’। আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল দিনটি।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বন্ধুত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে উল্লেখ করে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্বের বন্ধন আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্যাম্পাসজীবনের সুন্দর স্মৃতিগুলো ধরে রেখে ভবিষ্যতেও একে অপরের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাওহিদ। এরপর ছেলে ও মেয়েদের অংশগ্রহণে নাত, গান, নাটক, কেরাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
আয়োজক কমিটির প্রধান আলী রাজের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্যাম্পাসজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করে তারা স্মরণীয় করে তোলেন দিনটি।
অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন শিল্পী মিনার, মুছান্না ও গিয়াস উদ্দিন। এছাড়া লেডি সিআর মারিয়া তাহসিন কবিতা আবৃত্তি করে উপস্থিত শিক্ষার্থীদের মুগ্ধ করেন।
আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা নৈতিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানবিকতার চর্চার মাধ্যমে নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার শপথ নেন। আনন্দ, স্মৃতিচারণ ও মানবিক মূল্যবোধের বার্তা নিয়ে শেষ হয় ‘ব্যাচ ডে ২০২৬’।
আরও পড়ুন:








