রবিবার

৯ আগস্ট, ২০২৬ ২৫ শ্রাবণ, ১৪৩৩

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’ বিহারি নারীদের দক্ষতায় সম্ভাবনার নতুন জানালা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১৭:০৫

শেয়ার

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’ বিহারি নারীদের দক্ষতায় সম্ভাবনার নতুন জানালা
ছবি সংগৃহীত

‘দরিচা’ উর্দু ভাষার একটি শব্দ, যার অর্থ জানালা। নতুন আলো, সম্ভাবনা ও পথচলার প্রতীক হিসেবে সেই নামেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একদল শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু হয়েছে ‘দরিচা’র।

উদ্যোগটির মূল লক্ষ্য, সুযোগ ও সহযোগিতার মাধ্যমে বিহারি কমিউনিটির নারীদের হারিয়ে যেতে বসা হস্তশিল্পের দক্ষতাকে নতুন করে কাজে লাগানো এবং তাঁদের তৈরি পণ্যের সঙ্গে বাজারের সংযোগ তৈরি করা।

বিহারি কমিউনিটির অনেক নারী কুরুশের কাজ, সেলাই, এমব্রয়ডারি, বুননসহ বিভিন্ন ধরনের হস্তশিল্পে দক্ষ। একসময় এসব কাজ তাঁদের দৈনন্দিন জীবনেরই অংশ ছিল। তবে সময়ের সঙ্গে বাজারের সংযোগ হারিয়ে যাওয়া, পর্যাপ্ত সুযোগের অভাব ও সামাজিক বৈষম্যের কারণে অনেকের এই দক্ষতা কাজে লাগানোর সুযোগ কমে যায়।

‘দরিচা’ সংশ্লিষ্টরা জানান, কমিউনিটির অনেক নারী উচ্চশিক্ষিত হলেও পরিচয়ের কারণে কর্মক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত হন। অথচ তাঁদের দক্ষতা, পরিশ্রম ও সৃজনশীলতার কোনো ঘাটতি নেই। এই বাস্তবতাকে সামনে রেখে তাঁদের দক্ষতাকে পুনরায় কাজে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বেরোবির শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।

‘দরিচা’র উৎসাহ ও সহযোগিতায় নারীরা আবারও কুরুশের কাজসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরিতে যুক্ত হচ্ছেন। নিজেদের অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাঁরা তৈরি করছেন নানা ধরনের পণ্য। এর মধ্য দিয়ে দীর্ঘদিন অব্যবহৃত থাকা অনেকের দক্ষতাও নতুন করে বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে।

উদ্যোগটির সঙ্গে যুক্তদের মতে, এসব পণ্য শুধু হস্তশিল্প হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে নারীদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, নিজেদের দক্ষতার স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা এবং নতুন করে স্বাবলম্বী হওয়ার প্রত্যয়। একই সঙ্গে তাঁদের কাজ পরিবারের আয়ে অবদান রাখার সুযোগ তৈরি করছে এবং সৃজনশীল পরিচয়কে আরও দৃশ্যমান করে তুলছে।

‘দরিচা’ সংশ্লিষ্টরা মনে করেন, এটি কেবল পণ্য তৈরি বা বিক্রির উদ্যোগ নয়। বরং এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যেখানে একজন নারীর পরিচয়ের চেয়ে তাঁর দক্ষতা, পরিশ্রম ও স্বপ্নকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

তাঁদের মতে, বড় পরিবর্তন সবসময় বড় কোনো উদ্যোগ থেকেই আসে না। অনেক সময় একটি ছোট সুযোগও একজন মানুষের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। সেই ছোট সুযোগের জানালাটি খুলে দেওয়ার প্রত্যয় নিয়েই এগিয়ে যাচ্ছে বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’।



banner close
banner close