বুধবার

৫ আগস্ট, ২০২৬ ২১ শ্রাবণ, ১৪৩৩

নোবিপ্রবিতে নির্মিত হবে জুলাই স্মৃতি স্তম্ভ; গণঅভ্যুত্থানবিরোধীদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ২২:৩৬

শেয়ার

নোবিপ্রবিতে নির্মিত হবে জুলাই স্মৃতি স্তম্ভ; গণঅভ্যুত্থানবিরোধীদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা
ছবি: বাংলা এডিশন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মাণ করা হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আগামী প্রজন্মের নিকট এর ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নোবিপ্রবিতে অচিরেই একটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাসের বিরোধীতাকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সকলকে সতর্ক করেন।

এছাড়া তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো সদস্য নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলে রাষ্ট্রীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস আয়োজন কমিটির আহ্বায়ক নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকের আলোচনা থেকে যেটা উঠে এসেছে তা হলো আমাদের ঐক্য দরকার। গণতন্ত্রের জন্য এবং বৈষম্যের বিরুদ্ধে শতশত মানুষ প্রাণ দিয়েছে এবং আহত হয়েছে। আমরা কি জবাব দিবো সেই মাকে যেই মা সন্তান হারিয়েছে, যিনি আজও দরজায় দাঁড়িয়ে সন্তানের আগমনের অপেক্ষা করছে। যখন কোথাও ঐক্য না থাকে তখনই তৃতীয় শক্তি আসার সুযোগ পায়। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরী। আমরা ন্যায্যতার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। আজ জুলাই যোদ্ধা এবং গেস্ট অব অনার হিসেবে যারা উপস্থিত রয়েছেন তাদের এবং আয়োজনকে স্বার্থক করার জন্য বিভিন্ন কমিটিতে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, আজ আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়কে স্মরণ করতে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন ছিলো না, এটা ছিলো আমাদের ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের একটি ঐক্যবদ্ধ সংগ্রাম। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ের মাঝেই স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের মধ্যদিয়ে দেশে এক নতুন সূর্যোদয়ের সূচনা হয়েছিলো। আজ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। বর্তমানে আমরা চাই ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ। ছাত্র-জনতা যে ধৈর্য্য ৫ আগস্টের পর দেখিয়েছে ভবিষতেও আমরা সেই ধৈর্য্য ও ঐক্যবদ্ধতা দেখতে চাই।

আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইসমাইল হোসেন, শাখা কর্মকর্তা আবদুল কাদের ও মো. শান-ই-এলাহী বাবু, পরিবহন শাখার প্রধান সহকারী মিজানুর রহমান, এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান, ফিমস্ বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, নোবিপ্রবি আইআইটি’র শিক্ষার্থী ও নোয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মেহেদী হোসেন সীমান্ত, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক আকিলুর রহমান, নোবিপ্রবি ইসলামী ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত, নোবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মেহেদী হাসান, সমন্বয়ক ও চব্বিশের আন্দোলনের নারী শিক্ষার্থী ময়ুরী খাতুন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন ও আইন বিভাগের শিক্ষার্থী জাফর আহমেদ সজীব। এ সময় নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর ও শাখা প্রধান, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল, ভিডিও প্রদর্শনী, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান, দোয়া ও মুনাজাত। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও আহতদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও চিত্রাঙ্কন ও নোবিপ্রবি শিক্ষার্থীদের জুলাই বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এদিন বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



banner close
banner close