তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে প্রতিষ্ঠানের শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
চলতি শিক্ষাবর্ষে তা’মীরুল মিল্লাত থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিষ্ঠানের ৪৮ জন সাবেক শিক্ষার্থী প্রতিনিধিকেও বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ১৮৫ জন কৃতী শিক্ষার্থী ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। এ সময় টাকসুর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, দেশের শীর্ষ বিদ্যাপীঠগুলোর ছাত্র নেতৃত্বেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছে। এ অর্জন প্রতিষ্ঠানের সুশিক্ষা, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল।
অনুষ্ঠিতে ২০০-রও বেশি বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে দক্ষ নেতৃত্ব এবং ইতিবাচক ভূমিকা রাখবে—এটাই সবার প্রত্যাশা।
আরও পড়ুন:








