মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

পুরোনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৩:৫৯

আপডেট: ২০ জুলাই, ২০২৬ ১৪:০২

শেয়ার

পুরোনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের
ছবি সংগৃহীত

চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। ২০২৬ সালের পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পরীক্ষা নেওয়া হয়। পরে ভুল ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে সঠিক প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার সকাল ১০টায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইতিহাস বিষয়ের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীরা প্রায় সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ২০২৫ সালের প্রশ্নপত্রেই উত্তর লিখতে থাকেন। পরে বিষয়টি শনাক্ত হলে কেন্দ্র কর্তৃপক্ষ প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং অতিরিক্ত সময় দিয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলতে থাকে।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্রে অসঙ্গতি তাদের নজরে আসে। তারা কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানালেও শুরুতে তা গুরুত্ব দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর দায়িত্বপ্রাপ্তরা ভুল বুঝতে পেরে প্রশ্নপত্র পরিবর্তন করেন। এতে পরীক্ষার্থীরা বিভ্রান্তি, মানসিক চাপ এবং অতিরিক্ত ভোগান্তির মুখে পড়েন।

ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

প্রায় দুই ঘণ্টা ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।



banner close
banner close