দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের পাঁচ জেলার পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। একই সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন শিক্ষামন্ত্রীও।
দুপুর দেড়টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের অধিকাংশ এলাকায় পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত থাকবে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা বিএনএস সেন্টারের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, সকাল পৌনে ১২টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা জলাবদ্ধতা, যানজট ও যাতায়াত সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষাকেন্দ্রে যেতে পারেননি। তাই তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, পরীক্ষার্থীদের ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। শিক্ষার্থীদের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
আরও পড়ুন:

.jpg)






