মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১২:১৮

শেয়ার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ এবং বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচির ফলে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা সাড়ে ১১টার পর ঢাকা কলেজ ও আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন। পরে প্রায় ১১টা ৪০ মিনিটে তারা সড়কে নেমে অবরোধ শুরু করেন।

অবরোধের কারণে সায়েন্স ল্যাব ও সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

তাদের দাবি, জলাবদ্ধতা, দীর্ঘ যানজট এবং যোগাযোগ সমস্যার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতির দায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।



banner close
banner close