এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মোট ৭৯ হাজার ২৪৬টি মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী রয়েছে।
তিনি জানান, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, যা মোটের ৪৫ দশমিক ২৯ শতাংশ। অপরদিকে ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন, যা মোটের ৫৪ দশমিক ৭১ শতাংশ।
শাহীনা ফেরদৌসী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন শুধু মেধা যাচাইয়ের একটি প্রক্রিয়া নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
আরও পড়ুন:








