শুক্রবার

১০ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

গবেষণায় ধারাবাহিক সাফল্যে এগিয়ে যাচ্ছে নোবিপ্রবি

আতিকুর রহমান ,নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২১:৩৭

শেয়ার

গবেষণায় ধারাবাহিক সাফল্যে এগিয়ে যাচ্ছে নোবিপ্রবি
ছবি: বাংলা এডিশন

শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করে চলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক দৃশ্যমানতা এবং জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অবদানের ফলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টি ক্রমেই শক্তিশালী অবস্থান তৈরি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়েও উন্নতি করছে নোবিপ্রবি।

স্কোপাসে সূচিকৃত গবেষণা প্রকাশনার তথ্যভান্ডারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে নোবিপ্রবির শিক্ষক ও গবেষকরা মোট ৫৬৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক গবেষণা পরিমণ্ডলে সক্রিয় অংশগ্রহণের একটি শক্তিশালী প্রতিফলন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের জুন মাস পর্যন্তই নোবিপ্রবির গবেষকদের ৩১৩টি গবেষণা প্রবন্ধ স্কোপাসে সূচিকৃত হয়েছে। গবেষণা প্রকাশনার স্বাভাবিক ধারা বিবেচনায় সংশ্লিষ্টদের প্রত্যাশা, বছরের দ্বিতীয়ার্ধে আরও উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হবে এবং ২০২৬ সালের মোট প্রকাশনা ২০২৫ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধারাবাহিক অগ্রগতি শুধু প্রকাশনার সংখ্যা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী সংস্কৃতির বিকাশ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার সম্প্রসারণ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নোবিপ্রবির ক্রমবর্ধমান অবদানের প্রতিফলন।

এ বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, নোবিপ্রবি'র একজন শিক্ষার্থী হিসেবে গবেষণায় বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক অগ্রগতি আমাদের জন্য গর্বের। গবেষণা প্রকাশনার সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী হওয়া শিক্ষক-গবেষকদের আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন। আমরা আশা করি, এই ধারা অব্যাহত থাকলে নোবিপ্রবি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল অবস্থান অর্জন করবে।

এ বিষয়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই সাফল্যের পেছনে নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং গবেষণার প্রতি অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়া নোবিপ্রবির সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং গবেষণা-সহায়ক সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের বিশ্বাস, সমষ্টিগত প্রচেষ্টা, গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হলে ভবিষ্যতে নোবিপ্রবি বৈশ্বিক একাডেমিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে।

তিনি আরও বলেন, গবেষণায় উৎকর্ষ, জ্ঞান সৃষ্টিতে নেতৃত্ব এবং সমাজে ইতিবাচক প্রভাব—এই তিনটি লক্ষ্যই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।

গবেষণা ও উদ্ভাবনকে কেন্দ্র করে নোবিপ্রবির চলমান এই অগ্রযাত্রা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষের নতুন দিগন্ত উন্মোচন করছে। সংশ্লিষ্টদের মতে, গবেষণায় ধারাবাহিক বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং গবেষণাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা গেলে ভবিষ্যতে জাতীয় ও বৈশ্বিক পরিসরে নোবিপ্রবির অবস্থান আরও সুদৃঢ় হবে।



banner close
banner close