মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১৯:৫৮

শেয়ার

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১৬ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে মঙ্গলবার (৭ জুলাই) চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো এলাকায় বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘১৬ জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে, এ বিষয়টি আমরা অবগত রয়েছি। কোনো জেলায় বন্যা হলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

বোর্ড জানিয়েছে, প্রয়োজন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে এসে পরীক্ষা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

একই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close