বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৮ আষাঢ়, ১৪৩৩

চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন ১৫০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ২০:০২

শেয়ার

চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন ১৫০০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির প্রায় ১ হাজার ৫০০ নারী শিক্ষার্থী চিকিৎসাসেবা পেয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এই মেডিকেল ক্যাম্প চলে বিকেল ৩টা পর্যন্ত ।

এ সময় শিক্ষার্থীরা চারটি বিভাগের ৯ বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সেবা নেন। এসব সেবার মধ্যে রয়েছে গাইনোকোলজি, নিউট্রিশন, মেডিসিন ও ডার্মাটোলজি। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে দেয়া হয়। এতে প্রায় ১২টি বুথ দেখা যায়। এর মধ্যে প্রাইমারী চেকআপ বুথ ২টি, মেডিসিন বুথ ৪টি, গাইনোকলজি বুথ ২টি, ডার্মাটোলজি বুথ ৩টি ও নিউট্রিশন বুথ ছিল ১টি।

চিকিৎসাসেবা নেয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, চাকসুর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কারণ আমার ডার্মাটোলজি বিভাগের ডাক্তার দেখানোর জন্য শহরে যাওয়া লাগে। তবে আজ ক্যাম্পাসেই আমি ডাক্তার দেখাতে পেরেছি এবং ফ্রিতে ওষুধও পেয়েছি। আর আমাদের ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো চিকিৎসা সেবা পায় না। তাই ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

আয়োজন সম্পর্কে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা নির্বাচনের পর থেকে পাঁচ-ছয় ঘণ্টার বেশি ঘুমাতে পারি না। নির্বাচিত প্রতিনিধিদের ওপর শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাই, প্রতি বছর যেন নিয়মিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও আহ্বান জানাচ্ছি।

চাকসুর বিনামূল্যে চিকিৎসাসেবা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চাকসুর যৌথ উদ্যোগটি প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসেবায় সব ধরনের প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে ছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সময়মতো সমাধান করা যায় না। তাই শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে চাকসুর মতো বিভিন্ন সংগঠনের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।



banner close
banner close