বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের অধীনে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এবার ৩৫০টি কলেজের ৬০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
বৃহস্পতিবার থেকে সারাদেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
এবার বোর্ডের অধীনে ৩৫০টি কলেজের শিক্ষার্থীরা ১৪২টি পরীক্ষাকেন্দ্রে অংশ নেবেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০ জন।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩২ হাজার ৪০৬ জন, মানবিক বিভাগে ১২ হাজার ৭৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার্থীদের ধরন অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী ৫৭ হাজার ১৭ জন, অনিয়মিত ৪ হাজার ৮০০ জন, মান উন্নয়ন পরীক্ষার্থী ১ হাজার ২৪৩ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩৯৩ জন।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া এবং বোর্ডের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্নে প্রশাসন ও শিক্ষা বোর্ডের প্রস্তুতি শেষ। এখন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের এইচএসসি পরীক্ষা।
আরও পড়ুন:








