বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

টাইমস ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ২০:৪৭

শেয়ার

টাইমস ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শীর্ষে নোবিপ্রবি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং-২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে নোবিপ্রবি।

বুধবার প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে শিক্ষা, গবেষণা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গবেষণা প্রকাশনার সংখ্যা বৃদ্ধি, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় উৎসাহ প্রদান, টেকসই উন্নয়নভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ অর্জনের খবরে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সমাজে ইতিবাচক অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাদের মতে, এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ বিষয়ে নোবিপ্রবির উপ-উপাচার্য ও র‍্যাঙ্কিং সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম হয়েছি। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার অবদান রয়েছে। ইতোমধ্যে র‍্যাঙ্কিং সেলকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের এ অবস্থান ধরে রাখতে এবং আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, র‍্যাঙ্কিংয়ে আজকের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জাতীয় ও বৈশ্বিক পরিসরে আমরা একটি ভালো অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও বিশ্ববিদ্যালয়ের এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে আমরা এ অবস্থান ধরে রাখার পাশাপাশি আরও উন্নতির জন্য কাজ করে যাব।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (THE) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস (পূর্বে দ্যা ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং) হলো বিশ্বের একমাত্র বৈশ্বিক র‍্যাঙ্কিং, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবদান পরিমাপ করে। ২০২৬ সালের এই র‍্যাঙ্কিংয়ে ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে ১৭টি পৃথক এসডিজি সূচক এবং একটি সামগ্রিক র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।



banner close
banner close