বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১৮:০৬

শেয়ার

২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
ছবি সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং শিক্ষা সংক্রান্ত বিবিধ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ২০ জুলাই এই ফল ঘোষণা করা হবে। শিক্ষাব্যবস্থায় সেশন জট কমিয়ে আনতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকার বিষয়েও তিনি আলোকপাত করেন।

সংবাদ সম্মেলনে ইনোভেশন, আইডিয়া শোকেসিং এবং স্টার্ট-আপ কর্মসূচি সম্পর্কে জানানো হয় যে, সারাদেশে চলমান এসব অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আগামী ২৮ ও ২৯ জুন শেষ হবে। ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের গ্র্যান্ড ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই খেলা উপভোগ করতে উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রী আরও জানান, সরকার সুনাগরিক তৈরির লক্ষ্যে বর্তমান শিক্ষাব্যবস্থাকে সাজাতে চায় যেখানে সুস্থ নাগরিক গড়ার জন্য খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন প্রজন্ম যাতে শুধুমাত্র ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয়ে পড়ে, সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

শিক্ষার গুণগত পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কেবল সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত ও আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। সৃজনশীল ও মেধাবিকাশমূলক কার্যক্রমের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকে লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি শুরু হচ্ছে, যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও চালু করা হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। মূলত পরীক্ষা পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ এবং আধুনিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের বর্তমান লক্ষ্য বলে সভায় উল্লেখ করা হয়।



banner close
banner close