রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সকালে রামিসার বাসভবনের সামনে থেকে মিরপুর এ এইচ মডেল স্কুলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর রামিসা লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রামিসার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শিশুদের বিরুদ্ধে সংঘটিত এমন অপরাধ সমাজের জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
শিক্ষকরা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
অভিভাবকরা অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা সচল না থাকা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় অপরাধের ঝুঁকি বাড়ছে। তারা সন্তানদের নিরাপত্তার স্বার্থে এলাকায় কঠোর নজরদারি ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে, রামিসার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিক্ষোভকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।
আরও পড়ুন:





.jpg)


